সরকারি হাসপাতালে গ্রামীণ রোগীদের ভোগান্তি কমানো এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কলেজ শিক্ষার্থীদের হেলথ ভলান্টিয়ার হিসেবে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একইসাথে আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরব্যাপী বিশেষ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু এবং সিরাজগঞ্জকে স্বাস্থ্যসেবার মডেল জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী আজ সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে জেলা সার্কিট হাউজে ‘ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যানিং’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় প্রতিমন্ত্রী জানান, হাসপাতালের সেবা নিতে আসা গ্রামীণ রোগীদের সহায়তা ও দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কলেজের ১০ জন শিক্ষার্থীকে সম্মানীর বিনিময়ে ‘হেলথ ভলান্টিয়ার’ হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁরা রোগীদের টিকিট সংগ্রহ থেকে শুরু করে চিকিৎসক ও পরীক্ষাগার পর্যন্ত সেবা গ্রহণে সহযোগিতা করবেন।
ড. এম এ মুহিত জানান, আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরব্যাপী বিশেষ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে। পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ কার্যক্রমের জন্য নির্বাচিত ৫-৬টি জেলার মধ্যে সিরাজগঞ্জও রয়েছে। আগামী দুই বছরের মধ্যে জেলাটিকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ, দালালমুক্ত সেবা এবং অন্তত ৫০ শতাংশ ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে নিশ্চিত করতে হবে। এ ছাড়া জনগণের সাথে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দূরত্ব কমাতে ‘ডিস্ট্রিক্ট হেলথ ফোরাম’ গঠন এবং স্থানীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হবে।
SobuzBanlgadesh
.jpg)