নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: ১৩ নভেম্বর
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এবং পৈতৃক জমি জবরদখলের চেষ্টায় এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধ ও তার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকটি বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
গত ৮ নভেম্বর সকাল ৮টার দিকে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া কুমারী ছড়ার দক্ষিণ পাশে (২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টেকপাড়া এলাকায়) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রশিদ (৬১) বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ হামলায় খুরুশকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খাওয়ার পাড়া ও আশপাশের এলাকার মাহমুদ, কায়সার, মো. পারভেজ (৩০), মো. শাহেদ (২৮), সাকের আলম, আইজুল হক (পিতা: নুরুল হক বদ্দার), নেজাম উদ্দিন, কহিনুর (৩৮), মো. মামুন (৩২) ও মো. আনোয়ার হোসেনসহ (৩৫) আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অংশ নেয়।
ভুক্তভোগী পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রশিদ একজন ক্যানসার আক্রান্ত রোগী। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার পৈতৃক ভিটেমাটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এর জেরে গত ৮ নভেম্বর সকালে অভিযুক্তরা লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুর রশিদ, আব্দুস শুক্কুর, মুরশিদা খাতুন ও নুরুল আফসারদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে।
এ সময় আব্দুর রশিদ ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম (৫২) বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ও বেধড়ক মারধরে ওই দম্পতি রক্তাক্ত জখম হন। পরে হামলাকারীরা বসতঘরের মাটির দেয়াল, টিনের বেড়া ও ভেতরের শোকেসসহ আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়া ঘরের আলমারি ভেঙে চিকিৎসার জন্য রাখা নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা) এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
হামলার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদ ও তার স্ত্রীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে, মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা পরিবারটিকে পুনরায় প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িঘর ভাঙচুর ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখে গেছে। অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
SobuzBanlgadesh
.jpg)