ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি, মোঃ ফারহান
ভোলার বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মিফতাহুল জান্নাত রাফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সোহেল ও মা ফেরদৌস আরা মুন্নি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন বৌদ্ধেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফেরদৌস আরা মুন্নি তার স্বামী সোহেল ও সাত বছর বয়সী মেয়ে রাফাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। তারা বৌদ্ধেরপোল এলাকায় পৌঁছালে বাইরোড থেকে উঠে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
পিকআপের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শিশু রাফাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত রাফার বাবা সোহেলকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ফেরদৌস আরা মুন্নিও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ফেরদৌস আরা মুন্নি চাকরির সুবাদে পরিবার নিয়ে বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারসংলগ্ন ডিগ্রি কলেজের পাশে আবুল কালাম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা ভোলা জেলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
SobuzBanlgadesh
.jpg)