খুরশীদ আলম, ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনে সৌদি আরবে গিয়ে ভবন থেকে পড়ে মো. ফিরোজ নামে এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় তার মরদেহ দেশে ফেরানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
নিহত মো. ফিরোজ ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি।
পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার পর ফিরোজ জানতে পারেন, দালাল চক্র তাকে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে পাঠিয়েছে। পরে বাধ্য হয়ে অবৈধভাবে আত্মগোপনে থেকে দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।
গত ২৯ আগস্ট বিকেলে সৌদি আরবের দাম্মামের তোকবা এলাকার একটি ভবনের চারতলায় ছাদের কাজ করছিলেন ফিরোজ। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফিরোজের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
এদিকে, নিহত ফিরোজের বৈধ কাগজপত্র না থাকায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে এবং নিজ দেশে দাফন করতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, নিহত প্রবাসী ফিরোজের পরিবার লিখিত আবেদন করলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
পরিবারের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফিরোজের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
SobuzBanlgadesh
.jpg)