Logo
প্রিন্টের তারিখ: 25 February 2026 | প্রকাশের তারিখ: Feb 25, 2026

সংবাদ শিরোনাম : যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর

যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
২৪ ফেব্রুয়ারি, ২০২৬

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশানাশক ঔষধ ছিটানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্যে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর -এর ট্রলি সংকট দ্রুত সমাধান করা জরুরি। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে ১০০০টি নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
© ২০২৬ সকল কিছুর স্বত্বাধিকারঃ সবুজ বাংলাদেশ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF