হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হাজীদের নির্বিঘ্নভাবে হজ সম্পন্নের জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটি সকলের নৈতিক দায়িত্ব।
আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় হজ ফ্লাইট পরিচালনা, সার্বিক ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি ও সময়সূচি সমন্বয় নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অব্যবস্থাপনা বা হয়রানি বরদাস্ত করা হবে না এবং যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
SobuzBanlgadesh
.jpg)