উত্তরা ১৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
এইচ এম মাহমুদ হাসান
সবুজ হোক আমাদের আগামীর পথ—এ স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তরা ১৬ নম্বর সেক্টর মসজিদ আল জান্নাহর সামনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোসাইটির স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল আহাদের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক মাজেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ১৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি লে. কর্নেল নুরুল আলম (অব.)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে সোসাইটির সভাপতি লে. কর্নেল নুরুল আলম (অব.) বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক মাজেদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। তাই নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশকে শীতল রাখে এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে সেজন্য নিয়মিত পরিচর্যা করতে হবে। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের অন্যতম শর্ত। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উত্তরা ১৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. শাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক এ.এম. সালাহ উদ্দিন আশিক, প্রচার সম্পাদক সৈয়দ শফিকুল হক, নিরাপত্তা সম্পাদক এম.এ. রাজ্জাক, সহ-নিরাপত্তা সম্পাদক মো. শামসুল আরেফিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন এবং মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা হক উপস্থিত ছিলেন।
এছাড়া কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলামসহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সোসাইটির নেতৃবৃন্দ ও অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে সেক্টরের বিভিন্ন সড়ক, লেকপাড় ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
SobuzBanlgadesh
.jpg)