রাজধানীর দুটি স্থানে বোমাসদৃশ পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে শনিবার (১ আগস্ট) আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক একটি ব্যাগের কারণে প্রায় ৫২ মিনিট স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ব্যাগটির ভেতরে কোনও বিস্ফোরক ছিলো না; ছিলো জর্দার একটি ডিব্বা ও পান।
একই দিনে ফার্মগেট এলাকাতেও একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হলেও সেখানেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুপুর ১২টা ৫৮ মিনিটের দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান নিরাপত্তাকর্মীরা। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে স্টেশনটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এবং সেখানে ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করা হয়। এ সময় চলমান ট্রেনগুলো মিরপুর-১০ স্টেশন এড়িয়ে চলাচল করে এবং স্টেশনে অবস্থানরত যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
খবর পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বিশেষায়িত যন্ত্রের মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে। প্রাথমিক এক্স-রে স্ক্যানে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটিকে নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পরে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে ছিলো জর্দার একটি ডিব্বা ও পান। কোনও ধরনের বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। নিরাপত্তা সংস্থাগুলো এলাকা নিরাপদ ঘোষণা করলে দুপুর ১টা ৫০ মিনিটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই দিনে তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা থাকার সন্দেহ সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বস্তাটি পরীক্ষা করে। হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, সেখানেও কোনও বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিলো না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক বিবৃতিতে জানানো হয়, উভয় ঘটনাতেই বিস্ফোরকের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। সন্দেহজনক বস্তুর বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)