খুরশীদ আলম, ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি:
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে সাংগঠনিক পদে থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন ভোলার চরফ্যাশনের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলু। বরখাস্তের আদেশ প্রকাশের দিনই সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুসরণ নিয়ে প্রশ্নের পাশাপাশি এ সংবাদ সম্মেলনের আয়োজনেও কিছু সংবাদকর্মীর ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে।
বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক মো. মাহফুজুল হক বলেন, 'ওই কর্মকর্তা সংবাদ সম্মেলন করেছেন, বিষয়টি আমার জানা নেই। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা বিভাগীয় চাকরির অংশ। তবে তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন না।'
সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে সফিউল্লাহ জগলুকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, মো. সফিউল্লাহ জগলু ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। সংযুক্তিতে তিনি চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।
আদেশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, সফিউল্লাহ জগলু এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে প্রযোজ্য বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তের খবর প্রকাশের পর সোমবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সফিউল্লাহ জগলু। সরকারি কর্মচারী হিসেবে গণমাধ্যমে বক্তব্য দেওয়া বা সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তাঁর প্রযোজ্য আচরণবিধি অনুসরণের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে যথাযথ ধারণা না রেখেই কিছু সংবাদকর্মী তাঁকে সংবাদ সম্মেলনে উৎসাহিত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংবাদকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।
সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ২২ বিধি অনুযায়ী, বিভাগীয় প্রধানের অনুমতি বা নিজ দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া সরকারি কর্মচারীরা গণমাধ্যমে কথা বলতে, মতামত প্রকাশ করতে বা সংবাদ সম্মেলন করতে পারবেন না।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো. সফিউল্লাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)