এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া আজ মঙ্গলবার ১২ মে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, কারাগারসমূহ কেবল বন্দী রাখার স্থান নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বন্দিদের মানবিক উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাঈন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এবং কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কারা প্রাঙ্গণে পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
SobuzBanlgadesh
.jpg)