এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঈদ উল আযহা উপলক্ষে বন্দিদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ বুধবার ৩ জুন অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে কারাগারের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীরা অংশগ্রহণ করে।
কারা কর্তৃপক্ষ জানায়, কারাবন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোকে কেন্দ্র করে বন্দিদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যা তাদের মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সহায়তা করে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্দিদের মানসিক প্রশান্তি ও বিনোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা প্রশাসন নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। ঈদ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টও সেই ধারাবাহিকতার অংশ। কারাগারে একটি মানবিক, সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কারা প্রশাসন বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এসব উদ্যোগ বন্দিদের মানসিক বিকাশ ও সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঈদ উৎসবকে ঘিরে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট বন্দিদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারাগারের ভেতরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতেও সহায়ক ভূমিকা পালন করেছে।
SobuzBanlgadesh
.jpg)