যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের বারসহ দুইজন আটক।
যশোর প্রতিনিধি।। মোঃ তারিক হাসান (রকি)
যশোরে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জুন) রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর জেলার মো. আনিস (৩৬)।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য ৩৬ হাজার টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ, গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পরীক্ষা-নিরীক্ষায় উদ্ধার হওয়া বারগুলো খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারসহ জব্দকৃত আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
SobuzBanlgadesh
.jpg)