এইচ এম মাহমুদ হাসান
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে, লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদ আলী আহমাদ মাবরুর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি সংসদের সর্বশেষ অধিবেশন চলাকালে সংসদ ভবনের মসজিদে বাবরের সঙ্গে আকস্মিক সাক্ষাতের একটি স্মৃতিচারণ তুলে ধরেন।
স্ট্যাটাসে মাবরুর লেখেন, মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তিনি দেখতে পান, একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে সিজদায় রয়েছেন। বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করলে কাছে গিয়ে দেখেন, তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কয়েক মিনিট ধরে টানা সিজদার পর নামাজ শেষ হলে তিনি বাবরের সঙ্গে কথা বলেন।
নিজের পরিচয় দিয়ে মাবরুর জানান, তিনি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে। পরিচয় শোনার পর বাবর তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, তিনি মুজাহিদের ঘনিষ্ঠ ছিলেন। পরে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ অতীতের নানা স্মৃতি নিয়ে আলাপ হয়।
মাবরুর তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার বাবা ও বাবর সহ-আসামি ছিলেন। সে সময় আদালতে বাবরের সঙ্গে একাধিকবার দেখা ও কথা হওয়ার স্মৃতিও তিনি বাবরকে স্মরণ করিয়ে দেন। আদালতে একসঙ্গে খাবার ভাগাভাগি করে খাওয়াসহ বিভিন্ন ঘটনার কথাও আলোচনায় উঠে আসে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, দীর্ঘ সময় সিজদায় থাকার কারণ জানতে চাইলে বাবর বলেন, আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, ১৭ বছরের কারাবাস ও কনডেম সেলের জীবন পার করে আবার সংসদে আসার সুযোগ দিয়েছেন। তাই সারাদিন সিজদায় থাকলেও আল্লাহর প্রতি তার শুকরিয়া আদায় সম্পূর্ণ হবে না।
তবে একই স্ট্যাটাসে মাবরুর উল্লেখ করেন, বাবরের রাজনৈতিক জীবনের কিছু বিষয়, বিশেষ করে ২৮ অক্টোবরের ঘটনাকে ঘিরে তার ব্যক্তিগত কষ্ট ও প্রশ্ন রয়েছে। এরপরও সংসদ ভবনের মসজিদে বাবরের দীর্ঘ সিজদা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বিনয় তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলে তিনি মন্তব্য করেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি জানান, মসজিদ থেকে বের হওয়ার সময় বাবরের সঙ্গে একটি ছবি তোলেন। সে সময় বাবর তাকে উদ্দেশ করে বলেন, “মজলুম পরিবার তোমরা, ভালো থেকো।” বাবরের এই দোয়া ও শুভকামনার কথা উল্লেখ করে স্ট্যাটাসের ইতি টানেন আলী আহমাদ মাবরুর।
মাবরুরের এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
SobuzBanlgadesh
.jpg)