ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি, মোঃ ফারহান।
২১ নভেম্বর ২০২৬, শনিবার।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাজার কমিটি। বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশের সৌন্দর্য ফিরিয়ে আনতে শনিবার এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজারের সড়ক, দোকানপাটের আশপাশ ও ড্রেনে ময়লা ফেলার কারণে দীর্ঘদিন ধরে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযানে বাজার কমিটির সভাপতি নুরে আলম ফরাজী, সাধারণ সম্পাদক শাফিজল হক মাতাব্বর এবং বোরহানউদ্দিন টিওন সাহেব উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন। শুধু নির্দেশনা দিয়েই নয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাও ময়লা-আবর্জনা অপসারণে অংশ নিয়ে পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করেন।
এ সময় বাজারের প্রতিটি দোকানের সামনে এবং চলাচলের রাস্তা ও ড্রেনের আশপাশ পরিষ্কার রাখার জন্য ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়। যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্ধারিত ডাস্টবিন বা ময়লা ফেলার স্থানে আবর্জনা রাখার আহ্বান জানায় বাজার কমিটি।
বাজার কমিটির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হলে শুধু একদিনের অভিযান যথেষ্ট নয়। এ জন্য প্রত্যেক ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই পারে বাজারকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে রূপ দিতে।
স্থানীয়দের প্রত্যাশা, বাজার কমিটির এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে কুঞ্জের হাট বাজার পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠবে।
SobuzBanlgadesh
.jpg)