দেশের পর্যটন খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সোমবার সকাল ৯টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এ হারকে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সম্ভাবনাময় পর্যটন অঞ্চলগুলোকে কাজে লাগিয়ে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে ১,৭৪২টি পর্যটন স্পট রয়েছে। প্রতিটি জেলাতেই পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসকদের উদ্যোগ ও কার্যকর ভূমিকা এই খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তিনি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি ও তেওতা জমিদার বাড়িকে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকায় নতুন পর্যটন উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে পর্যটন খাত আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
SobuzBanlgadesh
.jpg)