বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: মো:ফারহান
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারের কার্যক্রম এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন দলটির নেতারা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অসহযোগিতার ঘটনা ঘটেছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে প্রত্যাশা করা হলেও বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিশেষ করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে লাশ উদ্ধার, শিশু-কিশোর নিখোঁজ এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। অচেতন করে মানুষের সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
মাওলানা আতাউর রহমান মমতাজী আরও বলেন, শত শত দুর্ঘটনার পরও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। জীবিকার সন্ধানে রাজধানীতে এসে কেউ সর্বস্ব হারালে সেই ক্ষতির দায় ও শোক সরকার কীভাবে পূরণ করবে—এ প্রশ্নও রাখেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে দেওয়া নির্বাচনী ইশতেহার ও বর্তমান কার্যক্রমের মধ্যে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এসব কার্যক্রম সরকারের ভাবমূর্তি ও ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। জনগণের কাছে দেওয়া ওয়াদা পালনে এখনো সময় আছে উল্লেখ করে তিনি সরকারকে তা বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ বিন রফিকসহ বোরহানউদ্দিন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৬-২৭ সেশনের জন্য বোরহানউদ্দিন উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা ইসমাইল হোসেন গাজী এবং সেক্রেটারি হিসেবে মুফতি হোসাইন মাহমুদ-এর নাম ঘোষণা করা হয়।
SobuzBanlgadesh
.jpg)