তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সম্পূর্ণভাবে বন্ধে সংশোধিত আইন কঠোরভাবে প্রতিপালনের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনকে আরও কার্যকর করতে প্রণীত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ চলতি বছরের ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়ার পর তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
সংশোধিত আইনের ৫(গ) ধারা অনুযায়ী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওয়েবসাইট, ওয়েবপেজ, ই-মেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে না।
এছাড়া আইনের ৫(ঙ) ধারা অনুযায়ী দেশে নির্মিত বা প্রচারিত এবং বিদেশে নির্মিত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) ব্যবহারের দৃশ্য কিংবা তামাকজাত দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি (OTT) প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টালসহ সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে তামাকজাত দ্রব্যের কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সমিতি, প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলচ্চিত্র, নাটক বা অন্যান্য অডিও-ভিজ্যুয়াল কনটেন্টে তামাকজাত দ্রব্য ব্যবহারের কোনো দৃশ্য না রাখার আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে সংশোধিত আইনের বিধান যথাযথভাবে অনুসরণেরও আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
SobuzBanlgadesh
.jpg)