শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় স্বামী স্ত্রী নিহতঃ বেঁচে গেলো ৯ মাসের শিশু সন্তান
স্টাফ রিপোর্টার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং সিএমবি এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। এসময় হাত থেকে ছিটকে পড়ে গিয়ে অলৌকিক ভাবে বেঁচে যায় তাদের ৯ মাসের শিশু সন্তান। শনিবার ১১ জুলাই দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বামীর নাম রাকিবুল হাসান(৪০)। তবে স্ত্রী ও তার ৯ মাসের শিশু বাচ্চার নাম জানা যায়নি। নিহত রাকিব পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকেন্দার আলী ব্যাপারীর ছেলে। সে পরিবার নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ডেনিমেক্স নামক একটি পোশাক প্রস্তুতকারক কারখানায় কাজ করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার ২নং সিএনবি এলাকায় পরিবার নিয়ে হেটে যাচ্ছিলেন রাকিব। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদেরকে সজোরে চাপা দেয়। কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। তখন তাদের কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় ওই শিশুকে শ্রীপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত দম্পতির মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে। একই সাথে এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)