স্টাফ রিপোর্টার
গাজীপুরে নারীবন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলা করায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সাত কারারক্ষীকে আজ শনিবার ১৮ জুলাই সকালে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে মহিলা ওয়ার্ডের তিনজন তত্ত্বাবধায়ক ও চার নারী কারারক্ষী রয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন তত্ত্বাবধায়ক লায়লা আনজুমান সুমি, মেরিনা, রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারারক্ষী সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মোঃ জান্নাতুল ফরহাদ বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একই সঙ্গে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেন সেটি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার চল্লিশজন নারী বন্দী দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিলো। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা কারারক্ষীদের অবহেলার কারণে সুযোগ বুঝে দেয়াল টপকিয়ে পালিয়ে যায় মোছাঃ রিম্পা নামের ওই বন্দী। পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনি উপজেলার রায়পুর গ্রামের হাসানের মেয়ে। সে ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)