বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের পর্যটন খাতের উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার এই যাত্রাকে সহজ করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ ঢাকার পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্ব
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়া হবে। উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে তথ্যের ঘাটতি দূর করতে নিয়মিতভাবে বেসরকারি অংশীজনদের সঙ্গে বৈঠক করা প্রয়োজন।
তিনি জানান, এ লক্ষ্যে প্রতি মাসে বেসরকারি অংশীজনদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
৬৪ জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘এসডিজি ভিলেজ’-গুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
এর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
মন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো চিহ্নিত করে সেগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
ইকো-ট্যুরিজমে নতুন সম্ভাবনা
সেমিনারে বাংলাদেশে ইকো-ট্যুরিজমের গুরুত্ব, বর্তমান অবস্থা, উন্নয়নের চ্যালেঞ্জ, কর্মপরিকল্পনা এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান।
SobuzBanlgadesh
.jpg)