ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি:মোঃ ফারহান
ভরা মৌসুমেও ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। দিনের পর দিন নদীতে জাল ফেলেও আশানুরূপ মাছ না পাওয়ায় চরম হতাশায় পড়েছেন স্থানীয় জেলেরা। মাছের অভাবে তজুমদ্দিনের চৌমুহনী ঘাটে অলস পড়ে আছে শত শত মাছ ধরার নৌকা।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীতে মাছ কম থাকায় প্রতিদিন নৌকা নিয়ে নদীতে গিয়ে অনেক সময় জ্বালানি খরচও উঠছে না। ফলে ঋণ ও সংসারের খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা। মাছ না পাওয়ায় অনেকেই বর্তমানে বেকার সময় কাটাচ্ছেন।
তজুমদ্দিন মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১৯ হাজার ৫০০ জন। এর মধ্যে সাত হাজারের বেশি জেলে সরাসরি মৎস্য আহরণের সঙ্গে জড়িত। বর্তমানে ইলিশের সংকটের কারণে প্রায় পাঁচ হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলেরা বলছেন, বছরের এই সময়ে নদীতে ইলিশের জোয়ার থাকার কথা। কিন্তু এবার বারবার জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে একদিকে যেমন জেলেদের আয় কমে গেছে, অন্যদিকে নৌকার মালিকরাও লোকসানের মুখে পড়ছেন।
চৌমুহনী ঘাটে অলস পড়ে থাকা নৌকাগুলো যেন জেলেদের দুর্দশার চিত্রই তুলে ধরছে। ইলিশের আশায় নদীতে ফিরতে চান জেলেরা। তবে মাছের এমন সংকট কতদিন চলবে, তা নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জেলেদের দাবি, নদীতে ইলিশের সংকটের কারণ খুঁজে বের করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে মৎস্যজীবী পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে।
SobuzBanlgadesh
.jpg)