ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি:মোঃ ফারহান
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন নামে এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। আর হেফাজতে নেওয়া রোকন একই এলাকার মো. নান্নুর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের হাওলাদার মার্কেটের একটি দোকানের কাছে যায় ইসমাইল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখা যায়। বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে নিখোঁজ ইসমাইলের মরদেহ পাওয়া যায়।
নিহতের চাচা মো. সৈকত ইসলাম বাবু অভিযোগ করেন, ইসমাইলের বাবা ও একই এলাকার রোকনের মধ্যে মোবাইল কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। তার দাবি, ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন তার ভাইকে হুমকি দিয়েছিলেন। এরপরই শিশুটি নিখোঁজ হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ কী—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)