স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেছেন, জীবনে শুধু জিততে শিখো না, হারতেও শিখো'। মঙ্গলবার ২৮ এপ্রিল গাজীপুর সদর উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ শাহরিয়ার নজির।
জেলা প্রশাসক মহোদয় মনোমুগ্ধকর এ ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, 'তোমাদের মতো ছোট থাকতে আমিও এরকম মাঠে খেলে বেড়াতাম, বৃষ্টিতে ভিজতাম, পুকুরে গোসল করতাম। কিন্তু সন্ধ্যার আগে বাসায় এসে আবার ঠিকই পড়তে বসতাম। স্কুলে ফার্স্ট বয় ছিলাম। এরপর একসময় আমেরিকায় পড়তে গেলাম। সেখানে শিখলাম - জীবনে শুধু জিততে শিখো না, হারতেও শিখো। যদি তুমি হারতে শিখো তাহলে তুমি জিতে যাবা। তোমরা আজকে যারা কষ্ট করে খেলেছো, তোমরা সবাই জিতেছো। এই খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ এবং দলগত চেতনা গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'
পরবর্তীতে তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষপর্বে তিনি খেলোয়াড়, রেফারি, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিময় ফটো সেশনে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।
SobuzBanlgadesh
.jpg)