এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, মহাসড়কের পাশে ঈদের আগে বা পরে কোনো অবস্থাতেই পশুর হাট, অস্থায়ী বাজার কিংবা অবৈধ স্থাপনা বসতে দেওয়া হবে না। এসব কারণে যানজট সৃষ্টি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার ও মেরামত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যাতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি সংলগ্ন এলাকায় রবিবার ২৪ মে দুপুরে এক গনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, দেশের সড়কপথে নিরাপদ, স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি পরিবহন শ্রমিকদের কার্যকরভাবে আইন মানতে বাধ্য করতে পারে, তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি ওগাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডঃ মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমতউল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।
অনুষ্ঠানে এ সময় সাধারণ জনতা ,পরিবহনের মালিক, শ্রমিক এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত থেকে সড়কের শৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।
SobuzBanlgadesh
.jpg)