এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
রাষ্ট্রের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর অগ্রগতি তুলে ধরতে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, "উন্নয়ন তখনই সার্থক হয় যখন তা সাধারণ মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করে। খাল খনন, কৃষক সহায়তা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ রক্ষার মতো প্রতিটি পদক্ষেপ আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়িত করছি।" তিনি প্রশাসনের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইতিবাচক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
ব্রিফিংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম খান জানান, জেলার কৃষকদের জন্য ‘কৃষক স্মার্ট কার্ড’ চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ঋণ, ভর্তুকি, বীজ ও সারসহ ১০ ধরনের সেবা পাবেন এবং বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তাও সরাসরি পাবেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান জানান, প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে শ্রীপুরের মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডকে পাইলট প্রকল্প হিসেবে নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা এবং জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন জেলার পানিসম্পদ ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। তারা জানান, চৌক্কার খাল ৭০ শতাংশ ও রাউতকোনা খাল ৮০ শতাংশ কাজ শেষ। এছাড়া লবণদহ নদী, গাছা খাল ও চীলাই খাল খনন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা জলাবদ্ধতা নিরসনে ও কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখবে।
সভায় স্বাস্থ্যসেবা ও জননিরাপত্তা বিষয়ে সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রশিদ ই-হেলথ কার্ড ও গ্রামীণ স্বাস্থ্যসেবার ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির পরিবেশ রক্ষায় বিশাল কর্মপরিকল্পনার কথা জানান। তিনি বলেন, জেলায় প্রায় ২ লাখ হেক্টর জমিতে আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রশাসন।
জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সরকারের জনমুখী কার্যক্রমগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
SobuzBanlgadesh
.jpg)