ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ৪৯৩ বস্তা ইউরিয়া সার ও ৪০০ লিটার ডিজেল টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়।
টেন্ডারে প্রতি বস্তা ইউরিয়া সারের সর্বোচ্চ দর উঠেছে ৭৩৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দর উঠেছে ৮০ টাকা। সারের সর্বোচ্চ দরদাতা স্থানীয় ব্যবসায়ী কাজী হুমায়ুন কবির এবং ডিজেলের সর্বোচ্চ দরদাতা ব্যবসায়ী মুফিজুল ইসলাম।
টেন্ডার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির এবং স্থানীয় ব্যবসায়ীরা। তাদের উপস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়ায় টেন্ডার সম্পন্ন করা হয়।
কোস্টগার্ডের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানাধীন নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা।
এ সময় নদীতে থাকা একটি মাছ ধরার বোটে তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ৪৯৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ২৪ হাজার ৬৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৬ হাজার ২৫০ টাকা।
এ ছাড়া সার পরিবহনে ব্যবহৃত ‘এফবি মা-২’ নামের একটি মাছ ধরার বোট, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা এবং ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় আট জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের কে আদালতে পাঠানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা সার দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে এসব সার কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচার নদীপথে সার পাচার প্রতিরোধে কোস্টগার্ডের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
SobuzBanlgadesh
.jpg)