গাজীপুরের তালাবদ্ধ অবস্থায় গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকায় এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারজানা আক্তার (১৮)। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ওই এলাকার রাজু মিয়ার বাড়ীর টিনসেড কলোনি থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী মোঃ বাবু (৩৫) এবং বাসার কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর বাড়ীর টিনসেড কলোনির একটি রুম থেকে আগুনে পোড়া দুর্গন্ধ বের হচ্ছিলো। পরে স্থানীয়রা টিনের বেড়া কেটে রুমের ভিতরে প্রবেশ করে ওই গৃহবধূর আগুনে পোড়া মরদেহ দেখতে পায়। তখন স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরী সেবা "৯৯৯" এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত ফারজানা রাজধানীর মিরপুরে বিহারি পট্টি এলাকার আইয়ূব আলীর মেয়ে। সে তার স্বামীর সাথে কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত ফারজানার স্বামী বাবু জানায়, তার স্ত্রীর সাথে ওই ভাড়া বাড়ীর কেয়ারটেকার রোমানের পরকীয়া চলছিল। এ বিষয়টি জেনে সে স্ত্রী ফারজানাকে শাসনে রাখতো। ঘটনারদিন স্ত্রী ফারজানাকে ঘরে তালাবদ্ধ রেখে বাজারে বাজার করতে যায় বাবু। সন্ধ্যায় বাড়ীর লোকজন তাকে ফোন করে জানায় তার স্ত্রীর পোড়া মরদেহ পাওয়া গেছে। পরে সে দ্রুত বাসায় চলে আসে। তবে আসলে পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, পুলিশ ফারজানার মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। ময়নাতদন্তের পর ফারজানার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।
SobuzBanlgadesh
.jpg)