এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উঝারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম শুভ (১৬)। সে নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি মহানগরীর শরিফপুর এলাকায় আলম ডাক্তারের বাড়িতে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। তার বাবা একজন অটোরিকশা চালক এবং মা স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। তাকে হত্যাকান্ডের ঘটনায় বিচারের দাবীতে বিক্ষোভ করেছে অন্য অটোরিকশা চালকরা।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শুভ। পরে মঙ্গলবার ভোরে স্থানীয়রা উঝারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান এবং গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া ডিবি পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল ও মৃতের পরিবারের সাথে সরেজমিনে সাক্ষাৎ করে বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
এসময় উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে শুভকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
SobuzBanlgadesh
.jpg)