এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
পরিকল্পনাবহির্ভূত নগরায়ণ রোধে গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। সোমবার ১৮ মে নগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকায় পরিচালিত অভিযানে অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত কয়েকটি ভবন চিহ্নিত করা হয়।
গাউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহমুদুল হক এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন অথোরাইজ অফিসার জান্নাতুল নাইমা, ইন্সপেক্টর মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে ভুয়া প্ল্যান ব্যবহার করে ভবন নির্মাণের দায়ে দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাৎক্ষণিকভাবে দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এ সময় সংশ্লিষ্ট ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
গাউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহমুদুল হক বলেন, নগর উন্নয়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
SobuzBanlgadesh
.jpg)