স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলায় আগামী এইচএসসি, আলিম এবং এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২২ জুন গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: নূরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির এবং জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার।
পরীক্ষা পরিচালনার সরকারি নীতিমালা ও নির্দেশনাবলী যথাযথভাবে প্রতিপালন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও বহিরাগত নিয়ন্ত্রণ: পরীক্ষা কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও কেন্দ্রের চতুর্পাশে অননুমোদিত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডণীয় বলে গণ্য হবে।
প্রশ্নপত্র সর্টিং (বাছাই) এবং সঠিক সেট কোড অনুযায়ী পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তা অবলম্বন করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া, পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের যেকোনো জরুরি স্বাস্থ্যসেবায় প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত থাকবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে কেন্দ্রসমূহের সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিকভাবে সচল ও মনিটরিংয়ের আওতায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত কেন্দ্রসচিবদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, "আপনারা সকলে সম্মানিত শিক্ষক—সমাজের আলোকিত মানুষ, আমার পরম শ্রদ্ধেয়। আপনারা অভিজ্ঞ, আপনারা পারবেন আমি জানি। আপনাদের কাছে জেলা প্রশাসক হিসেবে আমার অনুরোধ, আপনারা সবাই সতর্ক থাকবেন। নিষ্ঠার সাথে আপনার দায়িত্বটি পালন করবেন।" তিনি আরও উল্লেখ করেন যে, পরীক্ষার পবিত্রতা রক্ষা এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন যেকোনো অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে গাজীপুরের পুলিশ সুপারের প্রতিনিধি জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবগণ উপস্থিত থেকে পরীক্ষা সংক্রান্ত স্ব-স্ব প্রস্তুতি ও মতামত ব্যক্ত করেন।
SobuzBanlgadesh
.jpg)