ঢাকা |

ডুয়েটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা জোরদারে জরুরি সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত

ডুয়েটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা জোরদারে জরুরি সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষার্থীদের জন্য  আধুনিক, সাশ্রয়ী ও  অধিকতর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আওতায় মেডিকেল সেন্টারের জন্য জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ঔষধ ক্রয়, প্যাথলজিক্যাল বিভিন্ন টেস্টের ফি কমিয়ে পুনঃনির্ধারণ এবং ল্যাবের সেবা ও অবকাঠামো সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার ৬ জুন ২০২৬ সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পরিচালক (ছাত্র কল্যাণ), রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব), মেডিকেল সেন্টারের অফিস প্রধান, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার এবং মেডিকেল সেন্টারের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও কার্যকর, সহজলভ্য ও সময়োপযোগী করার লক্ষ্যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। আলোচনার পর মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকসহ জরুরি ঔষধ দ্রুত ক্রয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে মেডিকেল সেন্টারের প্যাথলজিক্যাল ল্যাবে পরিচালিত বিভিন্ন টেস্টের ফি কমিয়ে পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আরও কম খরচে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সেবা গ্রহণের সুযোগ পাবে। একই সঙ্গে মেডিকেল সেন্টারের প্যাথলজিক্যাল ল্যাবকে আরও আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন, সেবার পরিধি বৃদ্ধি এবং ল্যাব সুবিধা সম্প্রসারণে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে ২০২৬ তারিখে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পরিদর্শন করে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি সুলভ মূল্যে প্যাথলজিক্যাল পরীক্ষা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম সুবিধা চালু, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দক্ষ জনবল নিয়োগ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, অতিরিক্ত অ্যাম্বুলেন্স সংযোজন এবং প্রয়োজনীয় ঔষধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমান সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সেই সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করছে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ডুয়েট মেডিকেল সেন্টার শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক, নির্ভরযোগ্য ও শিক্ষার্থীবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ