এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার ৮ জুন ভাওয়াল সম্মেলন কক্ষে 'District Level Sensitization Workshop with Stakeholders to Combat Human Trafficking and People Smuggling ' শীর্ষক গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন এবং উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুল করিম ভূঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের এবং গাজীপুরের সিভিল সার্জন ডা: মোঃ মামুনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন—"নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচার রোধে ব্যাপক প্রচার-প্রচারণার কোনো বিকল্প নেই। অভিবাসন প্রক্রিয়ায় দালালের খপ্পর থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং আমাদের চারপাশের মানুষকেও সচেতন করব। " তিনি এই বার্তাটি প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশ গমন, অভিবাসনকালীন ঝুঁকি হ্রাস, প্রতারণা থেকে বাঁচার উপায় এবং মানব পাচার প্রতিরোধে নানাবিধ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দালালের দৌরাত্ম্য রুখতে তৃণমূল পর্যায়ে নিবিড় সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর এসময় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন অংশীজন (স্টেকহোল্ডার) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে যার যার অবস্থান থেকে মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
SobuzBanlgadesh
.jpg)