গাজীপুরের বাঘেরবাজারে অবস্থিত লিথি গ্রুপের একটি গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করাকে কেন্দ্র করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে প্রতিষ্ঠানটির শতাধিক শ্রমিক রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৫৬ নম্বর প্লটে অবস্থিত লিথি গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় তারা দ্রুত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি হঠাৎ করেই গাজীপুরের বাঘেরবাজারে অবস্থিত গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করেছে। তবে কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি। পাওনা অর্থ আদায়ের জন্য তারা বাধ্য হয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত দায়িত্ব পালন করলেও তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। কারখানা বন্ধ ঘোষণার পর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এদিকে আন্দোলনের কারণে প্রধান কার্যালয়ের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
এ বিষয়ে লিথি গ্রুপের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিকরা জানিয়েছেন, তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
SobuzBanlgadesh
.jpg)