এইচ এম মাহমুদ হাসান -
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ জিসান আলম (১৯)। তিনি ঢাকার সাভার থানার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাটা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম মিরপুরের ৬০ ফিট রোডের বারেক মোল্লা মোড়ে অবস্থিত CarryBee কুরিয়ার সার্ভিসের একটি অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিসান আলমকে আটক করা হয়।
পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে থাকা দুটি কার্টুন বক্স তল্লাশি করে বিভিন্ন মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে রয়েছে— ১ হাজার টাকার ৫০টি, ৫০০ টাকার ৫৭টি, ২০০ টাকার ৩৬টি এবং ১০০ টাকার ৪৪টি জাল নোট। যার মোট মূল্য ৯০ হাজার ১০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জিসান আলম পুলিশকে জানান, তার সহযোগী তৌফিক ইসলাম অনর্ব (১৯) এসব জাল নোট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উদ্দেশ্যে সেখানে এসেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তৌফিক পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই মোঃ মামুন হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫এ(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৪০, তারিখ ২৪ মে ২০২৬।
অভিযানে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। জাল নোটের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
SobuzBanlgadesh
.jpg)