রাজউকের নিয়মকে তোয়াক্কা না করে তুরাগে টোকিও ডেভেলপারের ভবন নির্মাণ
যোবায়ের আহমেদ: রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকার ৭ নম্বর রোডে রাজউকের নীতিমালা ও নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে টোকিও ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি সেখানে ৭ তলা ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে ভবনটির ৬ তলার কাজ চলমান রয়েছে।
অভিযোগ রয়েছে, রাজউকের নকশা অনুমোদনের শর্ত অনুযায়ী নির্মাণাধীন ভবনের সামনে তথ্যসম্বলিত সাইনবোর্ড, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সেফটিনেট এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে এসব নির্দেশনা মানা হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই রাস্তাজুড়ে নির্মাণসামগ্রী ফেলে রেখে কাজ পরিচালনা করা হচ্ছে। এতে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ভবনের সেটব্যাকও মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। নকশার ব্যত্যয় ঘটিয়ে সামনের অংশের বারান্দা বাড়িয়ে নির্মাণকাজ শেষ করা হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এলাকার এক বাসিন্দা জানান, তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ড থেকে ১০ নম্বর সেক্টরসহ আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে এই সড়কে মানুষের চলাচল অনেক বেশি থাকে। কিন্তু কোনো ধরনের সেফটিনেট ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ করায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া ছাদ ঢালাইয়ের দিনগুলোতে পুরো সড়কজুড়ে নির্মাণসামগ্রী রেখে কাজ করা হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জানতে টোকিও ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিসে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি কয়েকদিনের মধ্যে ভবনে সেফটিনেট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাজউক ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
SobuzBanlgadesh
.jpg)