নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এবং উত্তরা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়সহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের বিষয়ে পরামর্শ দেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. খালেদ বিন মোহাম্মদ আলী (এমবিবিএস, সিপিডি, বারডেম), গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা আক্তারসহ অন্যান্য চিকিৎসক।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, সুস্থ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত হলো মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। অনেক মানুষ সামান্য অসুস্থতা নিয়েও চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, সুশৃঙ্খল পরিবেশে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত আয়োজনেরও দাবি জানান তারা।
অনুষ্ঠানে সচেতন নাগরিক মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। তারা মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
SobuzBanlgadesh
.jpg)