স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তা এলাকায় ‘ই-ভ্যালি’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বাসন থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শান্তা বেগম (৩৩)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিরামপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে। ওই নারীকে হোটেলে নিয়ে যাওয়া পরিচয়দানকারী ব্যক্তি লিখন মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে লিখন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত শান্তাকে নিয়ে ভোটার আইডি কার্ড জমা না দিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেন। মঙ্গলবার হোটেল কতৃপক্ষ তাদের দুজনের কোন আনাগোনা না দেখে রুমে গিয়ে খোঁজ নেন। অনেক ডাকাডাকি করে তারা দরজা না খুললে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ হোটেলের ওই কক্ষ থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
বাসন থানার ওসি মো: হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই লিখন মিয়া পরিচয়দানকারী ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়ের করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)