নিজস্ব প্রতিনিধিঃ আশিকুর ফারহান, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার মনপুরা উপজেলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে বসতঘর, উঠান ও চলাচলের রাস্তা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক মানুষ। বিশেষ করে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাইরের গুচ্ছগ্রামে দেখা দিয়েছে চরম মানবিক সংকট। অন্তত ৬০টি পরিবার খাদ্যসংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা জোয়ারের পানিতে ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক পরিবারের বিছানাপত্র পানিতে ভাসছে, রান্নাঘর ডুবে যাওয়ায় রান্না করা সম্ভব হচ্ছে না। শুকনো জায়গার অভাবে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, নতুন বেড়িবাঁধ নির্মাণকাজ চলমান থাকায় পুরোনো বেড়িবাঁধ কেটে ফেলা হয়েছে। ফলে জোয়ারের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙেও গেছে বলে জানান তারা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, দ্রুত নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং জরুরি ত্রাণ সহায়তা নিশ্চিত করা হোক।
এদিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বেড়িবাঁধ নির্মাণের আগে গুচ্ছগ্রামের পরিবারগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মানবিক সংকট আরও গভীর হবে।
SobuzBanlgadesh
.jpg)