ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরাদ্দকৃত অর্থ থেকে অব্যয়িত ১৭ লাখ ৩১ হাজার ৭৬০ টাকা নির্বাচন কমিশনকে ফেরত দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। মঙ্গলবার (৩১ মার্চ) বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই অর্থ ফেরতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য বিভিন্ন ধাপে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের অনুকূলে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছিল নির্বাচন কমিশন সচিবালয়। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বরে ২৩ লাখ ৮৩ হাজার টাকা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৫ লাখ টাকা এবং মার্চ মাসে ১৫ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এসব বরাদ্দের বিপরীতে পেট্রল, অয়েল ও লুব্রিকেন্ট, অন্যান্য মনিহারি এবং প্রচার ও বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতে ব্যয় নির্বাহ করা হয়। তবে বরাদ্দকৃত পুরো টাকা ব্যয়ের প্রয়োজন না হওয়ায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে অব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, উত্তোলিত অর্থ থেকে ৭ লাখ ১৫ হাজার ৭৬০ টাকা ইতিমধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর বাইরে আরও ১০ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ থাকলেও তা উত্তোলন করার প্রয়োজন পড়েনি বিধায় সেই অর্থও সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডের অনুকূলে নির্বাচন কমিশনকে ফেরত প্রদান করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৭ লাখ ৩১ হাজার ৭৬০ টাকা অব্যয়িত হিসেবে সরকারি তহবিলে জমা হলো।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই অব্যয়িত অর্থ ফেরত প্রদানের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা-১ শাখার উপসচিবকেও প্রদান করা হয়েছে।
SobuzBanlgadesh
.jpg)