এইচ এম মাহমুদ হাসান
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আগামী ১৮ নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ‘সুন্নতে ভরা ইজতিমা’। উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়ি ময়দানে অনুষ্ঠিত এ আয়োজন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। শেষ দিন জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতিমা। এতে দেশ-বিদেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ইজতিমা ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতিমা উপলক্ষে দিয়াবাড়ি ময়দানজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাঠের প্রবেশপথে স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট ও আটটি ওয়াচ টাওয়ার। পাশাপাশি পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তল্লাশির পর মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে।
নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর কয়েকশ নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন। এ ছাড়া মুসল্লিদের অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পিডিবির সহযোগিতায় বিদ্যুৎ সংযোগ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় জরুরি সেবা ও নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, দাওয়াতে ইসলামী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন। ২০০৭ সাল থেকে বাংলাদেশে এ ইজতিমার আয়োজন করে আসছে সংগঠনটি। কোরআন ও সুন্নাহর প্রচার এবং মানুষের মধ্যে দ্বীনি সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি বলেন, ইজতিমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে ঈমান-আকিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ আদায় করতে হয়, ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল ইবাদত কীভাবে পালন করতে হয়, তা দলিলভিত্তিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখানো হবে। ইসলাম শান্তির ধর্ম—এ শান্তির পথে মানুষকে আহ্বান এবং নেকির দাওয়াত দিতে জনসাধারণকে সচেতন করা হবে।
ইজতিমায় দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগরা আলোচনা করবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হবে। এতে সারাদেশ থেকে লাখ লাখ আশেকে রাসুলের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুধু বাংলাদেশেই নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশেও দাওয়াতে ইসলামীর উদ্যোগে এ ধরনের ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে।
ইজতিমা শেষে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্য থেকে অনেকে ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় বের হবেন। তারা দেশের বিভিন্ন মসজিদে সফর করে দ্বীনি ইলম প্রচার এবং মানুষকে ইসলামের পথে আহ্বান করবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম, মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
SobuzBanlgadesh
.jpg)