স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী দমদমা এলাকায় একটি সংযোগ ব্রীজ ধ্বসে যাওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার ৪ জুলাই বিকেলে তিনি ওই ধ্বসে যাওয়া ব্রীজ পরিদর্শন করেন।
জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী-দমদমা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ধসে পড়ে। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের ধস এবং নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে।
এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। সে মোতাবেক প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ধসে পড়া সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, কারিগরি মান এবং ধসের সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর জেলা (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নানসহ স্থানীয় প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এবং প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পরিদর্শনের ফলে সড়ক ধসের প্রকৃত কারণ উদঘাটিত হবে, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের নিম্নমানের নির্মাণকাজ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
SobuzBanlgadesh
.jpg)