বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্য করার জন্য একটি গোষ্ঠী অপতথ্যের আশ্রয় নিচ্ছে। এ ধরনের অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী আজ মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরে প্রবাসী ভাইদের জন্য উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে দেশের বিমানবন্দরসমূহে সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
আফরোজা খানম বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আস্থাশীল, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ফলে দেশের বিমান পরিবহন খাতের সেবার মান আরো বৃদ্ধি পাবে এবং সাধারণ যাত্রী ও প্রবাসীরা এর সুফল ভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ এবং বিএনপি এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)