এইচ এম মাহমুদ হাসান
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় অববাহিকা অঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে কৃষি বিভাগ হাওড় অঞ্চলের প্রায় ৮০% পরিপক্ক ধান জরুরি ভিত্তিতে ২৮ এপ্রিলের মধ্যে কাটার নির্দেশনা প্রদান করে।
তবে হাওড়ে পানি জমে থাকায় হারভেস্টার মেশিন ব্যবহার ব্যাহত হওয়া এবং কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের প্রকৃত দরিদ্র কৃষক-কৃষাণীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে ধান কাটার কাজে নিয়োজিত করা হয়।
এরই অংশ হিসেবে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের হবতপুর হাওড়ে ৩৫ জন ভিডিপি সদস্য ২ জন কৃষকের প্রায় ৩ একর জমির পাকা ধান কেটে দেন। একই ধরণেরর কার্যক্রম জেলার অন্যান্য উপজেলাতেও অব্যাহত রয়েছে।
অন্যদিকে, নেত্রকোনা জেলার হাওড়বেষ্টিত মদন উপজেলায় টানা বৃষ্টিতে পাকা ধান তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উচ্চমূল্যের শ্রমিক দিয়ে ধান কাটতে অক্ষম দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে আনসার-ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমভিত্তিক কর্মসূচি গ্রহণ করেন।
এর ধারাবাহিকতায়, ২৮ এপ্রিল ২০২৬ তারিখে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে দরিদ্র কৃষক হারুক উদ্দিনের ১২ শতাংশ জমির পাকা ধান ভিডিপি সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কেটে দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রাকৃতিক দুর্যোগের এই সংকটময় সময়ে হাওড় অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে হাওর বেষ্টিত জেলাগুলোর ভিডিপি সদস্যদের নির্দেশনা প্রদান করেছেন।
মানবিক দায়িত্ববোধ ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং কৃষকদের জন্য তা হয়ে উঠেছে এক নির্ভরতার প্রতীক।
SobuzBanlgadesh
.jpg)